মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘ফিটিং মনির’ গ্রেপ্তার

মোহাম্মদপুর, ৩০ মে – রাজধানীর মোহাম্মদপুর থেকে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকব্যবসায়ীকে অস্ত্র, মাদকসহ র্যাব-২ গ্রেপ্তার করেছে। র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার রাতে র্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম স্বপন ওরফে মনির ওরফে মোছ মনির ওরফে ফিটিং মনির ওরফে গোফ মনির (৪২)। এ সময় তার কাছে থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, ২০৫ পিস ইয়াবা, একটি মোবাইল উদ্ধার করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোছ মনির মূলত একজন অস্ত্রধারী মাদকব্যবসায়ী। রাজধানীর মোহাম্মদপুর থানাসহ আশপাশের এলাকার মূর্তিমান এক আতঙ্কের নাম সন্ত্রাসী এই মোছ মনির। সে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, দলবলসহ বেআইনি জনসমাগমে হামলা, মারপিট করে মানুষকে আহত করা, অপহরণ, চাঁদাবাজি, হুমকি প্রদান ইত্যাদি কাজে লিপ্ত ছিল এবং এই সব অপরাধে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলার সন্ধান পাওয়া গেছে।
র্যাব জানায়, মোছ মনির এলাকার কোমলমতি শিশু কিশোরদের কৌশলে মাদকাসক্ত করে অপরাধের পথে নিয়ে আসে এবং কিশোর গ্যাং গঠন করে তাদের মাধ্যমে এলাকায় মাদক কেনাবেচা নিয়ন্ত্রণ করত। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র : আমাদের সময়
এন এ/ ৩০ মে









