ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের তোড়জোড়, শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার

ইসলামাবাদ, ১৯ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও এই আলোচনার নির্দিষ্ট তারিখ বা স্থান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে শহরজুড়ে কঠোর সতর্কাবস্থান লক্ষ্য করা গেছে। তুরস্ক ও মিশরের সমর্থনে পাকিস্তান এই কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো সমঝোতা হলে তিনি ব্যক্তিগতভাবে ইসলামাবাদ সফর করতে পারেন।
বিবিসি উর্দুর তথ্যমতে ইসলামাবাদের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তাদের সকল অতিথিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হোটেল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে পাকিস্তান সরকার রবিবার থেকে পুরো হোটেলটি বুকিং করে রেখেছে। এই পরিস্থিতির কারণে হোটেলের সকল বুকিং বাতিল করে অতিথিদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। এর আগে দুই দেশের প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেরেনা হোটেলে।
সেই হোটেলটিও আগামী কয়েক দিনের জন্য নতুন কোনো বুকিং নিচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের স্থানীয় প্রশাসন রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল স্থগিত রাখার আদেশ জারি করেছে। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্র বা ইরান সরকারের পক্ষ থেকে দ্বিতীয় দফার এই আলোচনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী মঙ্গলবার শেষ হতে যাচ্ছে।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









