ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

ঢাকা, ২৭ মে – শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশের আশায় আছেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব অনুশীলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের টার্গেট অবশ্যই ৩-০।’

দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি জমে ওঠে মাহমুদউল্লাহর। শেষ ম্যাচেও ব্যাট হাতে অবদান রাখার লক্ষ্য তার। সাংবাদিকদের বললেন, ‘আমাদের জুটিগুলো ভালোই হচ্ছে। চেষ্টা করব যেন আমরা দুজন আরও অবদান রাখতে পারি।’

বাংলাদেশের হয়ে ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রিয়াদ। বয়স ৩৫ হয়ে গেছে। এই বয়সে ফিটনেস নিয়ে অনেকের ক্ষেত্রে প্রশ্ন ওঠে। মাহমুদউল্লাহ বললেন, তার সেসবের বালাই নেই।

‘মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আমি আছি। এটা নিয়ে গত দুই তিন বছর ধরে আমি কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি, রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম।’

প্রথম ওয়ানডেতে ছয় নম্বরে নেমে ৭৪ বলে ৫৪ করেন মাহমুদউল্লাহ। পরের ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ৪১ রান।

আরেকটি ম্যাচের আগে তিনি বলছেন, ‘ভারসাম্য ধরে রাখার কাজ আমার অনেক বেশি করা লাগে, মেনটেন্যান্স কাজ করা লাগে। তো এই জিনিসগুলো আমি করার চেষ্টা করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভালো থাকে।’

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৭ মে


Back to top button
🌐 Read in Your Language