ঢালিউড

মাহি বলছেন ২ বছর আগে বিচ্ছেদ, অপু বললেন এখনও হয়নি

ঢাকা, ২৪ মে – মাহিয়া মাহির বিচ্ছেদের গুঞ্জন বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে। প্রতিবারই মাহিয়া মাহি সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়ে আসছিলেন, তাদের বিচ্ছেদ হয়নি। স্বামী অপুর সঙ্গে ভালোই আছেন তিনি। কিন্তু হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শনিবার দিবাগত রাতে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন। পরে বিচ্ছেদের খবর গনমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

তবে সোমবার দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে মাহিয়া মাহি তাদের দুই বছর আগে বিচ্ছেদ হয়েছে বলে জানান। সেখানে মাহি বলেন,‘প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। ব্যাপারটা দুই পরিবার ছাড়া কেউ জানত না। অপু (সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু) সম্পর্কটা ধরে রাখতে চাইত। সে চেয়েছিল ঘটনাটি প্রকাশিত না হোক। সে ভেবেছিল, হয়তো একসময় সব ঠিক হয়ে যাবে।’

তবে মাহির মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য দেখা গেলো তার সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর। রোববার অপু বলেন, আমরা আলাদা থাকছি, বিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়াইনি। সব গুছিয়ে আমরা আইনি প্রক্রিয়ায় যাব।’

এদিকে মাহি দুই বছর আগে তার বিচ্ছেদ দাবি করলেও এই দুই বছর সাবেক স্বামীর সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছেন এবং একাধিক অনুষ্ঠানেও এ যুগলকে একসঙ্গে হাজির হতে দেখা গেছে।

২০১৬ সালের ২৫ মে মাহি-অপু জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন করেন।

এন এইচ, ২৪ মে


Back to top button
🌐 Read in Your Language