মিডিয়া

সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, নথি পর্যালোচনার পর আদেশ

ঢাকা, ২০ মে – স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। নথিপত্র পর্যালোচনার জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে জামিন প্রশ্নে ভার্চুয়াল শুনানি হয়।

আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা।

এদিন সকাল থেকে জামিন শুনানির জন্য আদালতে অপেক্ষা করতে থাকেন রোজিনার সহকর্মী এবং তার স্বজনেরা।

ভার্চুয়াল শুনানি হওয়ায় রোজিনাকে আদালতে আনা হয়নি। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

ভ্যাকসিন ক্রয়/সংগ্রহ সংক্রান্ত সরকারি নথির ‘ছবি তোলা’ এবং ‘চুরির’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তোলার প্রথমদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলে সেটি নাকচ হয়ে যায়।

রোজিনা ইসলাম ওই অফিস থেকে কোনো নথি সরানোর অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তিনি ‘আক্রোশের শিকার’ হয়ে থাকতে পারেন।

রোজিনা নিজে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে প্রতিবেদন করার কারণে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে।

সোমবার রাতে রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২০ মে


Back to top button
🌐 Read in Your Language