ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া , ২০ মে – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাককে ধাক্কা দিয়ে প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল জানান, উপজেলার আমতলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে তারা হতাহত হন।

নিহতদের একজন হলেন চালক মো. বিল্লাল হোসেন (৩২)।

হতাহত অন্যদের নাম-ধাম তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ।

ওসি শাহজালাল বলেন, পণ্যবোঝাই ট্রাকটি মহাসড়কে দাঁড়িয়ে ছিল। সিলেটমুখী একটি প্রাইভেট কার এসে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক ও একজন যাত্রী নিহত হন। হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও একজন।

তাছাড়া দুর্ঘটনায় আর তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহজালাল।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ২০ মে


Back to top button
🌐 Read in Your Language