জাতীয়

বাংলাদেশের গণতন্ত্র আজ কবরে শায়িত: ডা. জাফরুল্লাহ

ঢাকা, ১৭ অক্টোবর- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‌‘বাংলাদেশের গণতন্ত্র আজ কবরে শায়িত। সেই কবরের উপর নৃত্য করছে মানষিক রোগগ্রস্থ সরকার।’

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে ভাষাসৈনিক আব্দুল মতিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমাদের দেশে কেউ না খেয়ে নেই। এ কথাটা কিছুটা সত্য। কিন্তু না খেয়ে না থাকলেও যথার্থ পুষ্টি নেই। সেটা আরও খারাপ। না খেয়ে থাকলে আন্দোলন হবে। মানুষ ক্ষিপ্ত হবে। কিন্তু মানুষ এখন খেতে পাচ্ছে বলে আন্দোলন করার স্পৃহা নেই। এটাই পুঁজিবাদের ধর্ম।’

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের নিপীড়িত শোষিত মানুষের মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তরুণদের পক্ষেই সম্ভব, এই জন্য প্রয়োজন গণআন্দোলন। আমাদের বয়স হয়েছে। এখন আমাদের অবলম্বন তরুণরা। তারাই বাংলার নিপীড়িত মানুষকে মুক্তি দিবে। গণতন্ত্র ফিরিয়ে আনবে। তাই তরুণরা তোমাদের কাজটি ঠিক মতো করো। চিন্তা করো না। শুধু দেখো তোমাদের পাশে আমরা আছি কি না। সামনে থাকবে তোমরা, পিছনে থাকবো আমরা। তবেই পরিবর্তন আসবে। পরিবর্তন ছাড়া আর কোন উপায় নেই।’ তিনি বলেন, মধ্যবিত্ত নির্বাচন মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রস্তুতি নিতে হবে।

আরও পড়ুন: ছাত্র রাজনীতিতে লোভ, ভোগবাদিতা ঢুকে গেছে: মেনন

আলোচনা সভায় অংশ নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আইন করলেই ধর্ষণ বন্ধ হবে না। ফাঁসির আদেশ দিয়ে ধর্ষণ ঠেকানো যাবে না। মূলত আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, রাজনৈতিক প্রভাবে যেভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, ফাঁসি দিলেও তাতে ধর্ষণ বন্ধ হবে না।’

সরকার পতনের উদ্দেশ্যে নূর বলেন, ‘বর্তমানে সরকার ক্ষমতায় থাকার জন্য কত মানুষের লাশ পড়ুক, যতই মানুষের রক্তের বন্যা ভেসে যাক তবু তারা ক্ষমতা ছাড়বে না। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই আমি চ্যালেঞ্জ করলাম আপনারা কালকে নামেন পরের দিন দেখবেন পদত্যাগ করতে বাধ্য হবে।’

ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

সূত্র : সমকাল
এম এন / ১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language