ক্রিকেট

আফিফের দুই রানের আক্ষেপ, শান্ত একাদশের ২৬৪

ঢাকা, ১৭ অক্টোবর- প্রথম দুই ম্যাচে হতাশ করেছিলেন। তবে তৃতীয় ম্যাচে এসে হাসল আফিফ হোসেনের ব্যাট। নাজমুল একাদশের এই ব্যাটার মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে খেললেন অসাধারণ এক ইনিংস। চোখ ধাঁধানো ব্যাটিংয়ে সবাইকে মুগ্ধ করা আফিফ অবশ্য সেঞ্চুরি মিস করার হতাশা নিয়ে ক্রিজ ছাড়েন। ৯৮ রানে কাটা পড়েন রান আউটে।

বিসিবি প্রেসিডেন্টস কাপে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে নাজমুল একাদশ। আফিফের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসের পাশাপাশি মুশফিকুর রহিম ফিফটি করেন। ইরফান শুক্কুর শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে খেলেন ফিফটি ছোঁয়া ইনিংস। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ রানের পুঁজি পায় নাজমুল একাদশ।

আফিফ যখন আউট হন তখন ৩৮.৫ ওভারের খেলা চলে। অর্থাৎ সেঞ্চুরির জন্য অফুরন্ত সময় তার হাতে ছিল। কিন্তু দুর্ভাগাই বলতে হবে তাকে। ১০৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯৮ রান করেন আফিফ।

আরও পড়ুন: এবার শোয়েব আখতারের বিশ্বরেকর্ড ভাঙতে চান নর্টিয়ে

ফেরার আগে মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৭ রানের জুটি গড়েন আফিফ। ৩১ রানে ৩ উইকেট হারানো নাজমুল একাদশ সামনে এগোনোর রসদ পান এই দুইয়ের ব্যাটেই।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিক অবশ্য বেশ স্লো খেলেছেন। এদিন ৫২ রান করেন তিনি ৯২ বলে। তার ইনিংসে ছিল মাত্র ১টি চার। শুক্কুর শেষ দিকে ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। এ ছাড়া তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৭ রান।

আগের ম্যাচের মতো এদিনও রুবেল হোসেন নিয়েছেন ৩ উইকেট। তবে এদিন বেশ খরচে ছিলেন তিনি। ১০ ওভার বল করে ৫৩ রান খরচ করেন। ইবাদত নেন ২ উইকেট।

প্রেসিডেন্টস কাপে এরই মধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে অংশ নেওয়া তিন দল। প্রত্যেকেরই জয় ১টি করে। তবে নেট রান রেটে মাহমুদউল্লাহ একাদশ আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে নাজমুল একাদশ।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button