ফুটবল

ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ উঠেছিল শুরুর দিকে। এ নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই অভিযোগ প্রমাণিত হলো।

দীর্ঘ তদন্ত শেষে ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের অবহেলার কথা জানিয়েছেন একটি মেডিকেল বিশেষজ্ঞ প্যানেল। প্যানেলের মতে, ম্যারাডোনার মৃত্যুর আগে তাকে সঠিক ও উপযুক্ত চিকিৎসা দেয়নি চিকিৎসক টিম। পর্যবেক্ষণ ও সেবা-যত্নেও যথেষ্ট অবহেলা করেছেন তারা। যে কারণেই না ফেরার দেশে চলে গেছেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

হার্ট অ্যাটাকে গত নভেম্বরে পরলোকে পাড়ি জমান আর্জেন্টাইন এ ফুটবল কিংবদন্তি। ৬০ বছর বয়সে মৃত্যুর কাছে হার মানেন তিনি। কিন্তু তার আগে ব্রেইনের রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে ম্যারাডোনোর মস্তিষ্কের সার্জারি ছিল সফল।

১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনার মৃত্যুর কিছুদিন পর আর্জেন্টাইন প্রসিকিউটররা তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের সেবা নিয়ে তদন্ত নামে। মার্চে এসে তারা ২০ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল প্যানেল নিয়োগ করে ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে।

তদন্ত শেষে ৭০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষজ্ঞ মেডিকেল প্যানেলটি। তাতে বলা হয়েছে, মৃত্যুর ১২ ঘণ্টা আগে ম্যারাডোনা গুরুতর অসুস্থ ছিলেন। কিন্তু তারপরও তাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়নি। আর্জেন্টাইন গণ্যমাধ্যম জানাচ্ছে মেডিকেল প্যানেল এ অভিযোগও করেছে, ম্যারাডোনার বেঁচে থাকার ব্যাপারটা চিকিৎসক দল তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিল।

বিশেষজ্ঞ মেডিকেল প্যানেল জানিয়েছে, ম্যারাডোনার বেঁচে থাকার সম্ভাবনা ছিল। ঘরে চিকিৎসা না দিয়ে মেডিকেল সুবিধাদি রয়েছে এমন কোথাও চিকিৎসা দিলে হয়তো বেঁচে থাকতেন ম্যারাডোনা।

ম্যারাডোনার চিকিৎসক টিমের নেওয়া পদক্ষেপকে অনুপযুক্ত, ক্রুটিপূর্ণ ও অবিবেচক বলে অভিহিত করেছে বিশেষজ্ঞ মেডিকেল প্যানেলটি।

ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক ৩৯ বছরের লেওপোলডো লিগ এবং তার সাইক্রিয়াট্রিস্টকে নিয়েও তদন্ত করেছেন প্রসিকিউটররা। মেডিকেল প্যানেল তাদের প্রতিবেদন দিয়েছে। প্রসিকিউটররা এখন অভিযোগ দায়ের করবেন। গণমাধ্যমে গুঞ্জন রটেছে, হত্যার অভিযোগে অভিযুক্ত করা হতে পারে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিতদের।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ০২ মে

Back to top button
🌐 Read in Your Language