শিক্ষা

কওমিসহ সব মাদ্রাসা বন্ধের নির্দেশ

ঢাকা, ০৬ এপ্রিল – এতিমখানা বাদে কওমি মাদরাসাসহ দেশের সব মাদারাসা (আবাসিক ও অনাবাসিক) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন : এসএসসির ফরম পূরণ স্থগিত

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গেল ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। ইতোপূর্বে সরকার ২২ মে পর্যন্ত দেশের সব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা রয়েছে মর্মে জানা যায়, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদারাসাসহ (এতিমখানা ব্যতীত) সব মাদারাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হলো জানিয়ে বলা হয়, এটা অবিলম্বে কার্যকর হবে।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language