শিক্ষা

রমজানে স্কুল ছুটি ঘোষণা, বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার স্কুলের ছুটির তালিকা সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ থাকবে। এই ছুটি আগামী ২৬ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, তাই সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগের সুযোগ পাবে। এর আগে গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাস জুড়ে স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন।

পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে এবং আগের আদেশের ওপর স্থগিতাদেশ আসায় ছুটির বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি হয়েছিল। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ছিল। গত সোমবার এসব প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হয়েছিল।

তবে নির্বাচনের ছুটির সাথে সমন্বয় করে মাদরাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী এই ছুটি ২৮ মার্চ পর্যন্ত চলবে। অন্যদিকে কলেজগুলোর ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে বুধবার থেকে সেখানে ঈদের ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language