ঢালিউড

শাপলার নতুন ছবিতে বিপাশা – সাঞ্জু জন

ঢাকা, ২৪ মার্চ – আইটেম গার্ল থেকে নায়িকা হয়ে বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে অভিনেত্রী বিপাশা কবিরের সময়। এ বছর বেশ কয়েক ছবি রয়েছে সাবেক এই লাক্স সুন্দরীর হাতে। সবগুলোই প্রযোজনা করছে বর্তমান সময়ের সবচেয়ে নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

নতুন খবর হলো, কয়েকটা ছবির কাজ হাতে থাকার মধ্যেই আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন বিপাশা কবির। ইতোমধ্যে কাজও শুরু করেছেন। এটিও প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবিটির নাম ‘যার নয়নে যারে ভালো লাগে’। এটি পরিচালনা করছেন নির্মাতা কালাম কায়সার।

আরও পড়ুন : এপ্রিলের প্রথম দিনে অপূর্ব-ফারিয়া জুটির প্রথম ছবি

‘যার নয়নে যারে ভালো লাগে’ ছবিতে বিপাশার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ও মডেল সাঞ্জু জন। এই দুজনের সখ্যতা বহুদিনের। তারা ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তাই নির্মাতা কর্তৃপক্ষের মত, তাদের নিয়ে বেশ সুন্দর একটি কাজ হবে।

নতুন ছবি নিয়ে বিপাশা বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই শাপলা মিডিয়াকে। যারা আমার উপর বিশ্বাস রেখে তাদের ছবিতে আমাকে কাস্ট করেছেন। ধন্যবাদ দিতে চাই আমার নতুন ছবির নির্মাতা কালাম কায়সার ভাইয়াকে আমার উপর ভরসা রাখার জন্য। আশা করি দর্শকরা হতাশ হবেন না। কেননা ছবিটি নির্মিত হচ্ছে ভিন্নধর্মী এক গল্প নিয়ে।’

অভিনেত্রী আরও জানান, ‘যার নয়নে যারে ভালো লাগে’ ছবিটির শুটিং ইতোমধ্যে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে। এদিকে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ও ‘জেদী মেয়ে’ সিনেমা দুটির কাজ সম্প্রতি শেষ করেছেন বিপাশা।

এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language