ঢালিউড

‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’র সেন্সর ছাড়পত্র স্থগিত

ঢাকা, ২০ মার্চ – হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবির সেন্সর ছাড়পত্র স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন।

তিনি বলেন, ‘জাতির জনককে নিয়ে যেহেতু ছবিটি, তাই অনেক সতর্কতা আমাদের নিতে হবে। এটি সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখার প্রয়োজন। তাই আমরা পুনরায় এটির প্রদর্শনী করব। তারপর সিদ্ধান্ত দেব। দ্রুতই এর প্রদর্শনী হবে।’

আরও পড়ুন : দিতি অভিনীত প্রথম ছবিটি মুক্তি পায়নি!

এদিকে, ছাড়পত্র স্থগিত প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। কিন্তু কেন ছাড়পত্র স্থগিত করা হয়েছে, তা সেন্সর বোর্ডই জানে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’

জানা গেছে, ঐতিহাসিক ঘটনাগুলোতে কিছু অসঙ্গতি থাকায় এ স্থগিতাদেশ দিয়েছে সেন্সরবোর্ড।

জাতির জনকের জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবিটি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তির কথা ছিল। এ কারণে গত ১৪ মার্চ এটি সেন্সর পায়। তবে ছাড়পত্র পাওয়ার ১ সপ্তাহের মধ্যেই তা স্থগিত করা হলো।

শামিম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এতে বঙ্গবন্ধু’র চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। আর তার বিপরীতে আছেন প্রার্থনা ফারদিন দীঘি। অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।

এন এইচ, ২০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language