ক্রিকেট

মায়ের চিকিৎসার জন্য আকুতি, শাস্তিমুক্ত হচ্ছেন শাহাদাত রাজীব

ঢাকা, ১০ মার্চ – সতীর্থ একজন খেলোয়াড়কে মাঠে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। ২০১৯ সালের নভেম্বরে জাতীয় লিগের ম্যাচে মাঠেই সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার অপরাধে এই শাস্তি পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, পেসার শাহাদাত হোসেনের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

খেলায় ফিরে যাতে ক্যান্সারে আক্রান্ত নিজের অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে পারেন এজন্য শাহাদাত সম্প্রতি তার নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে বোর্ডে আবেদন করেন।

আরও পড়ুন : কাল টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন ভেট্টরি

আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকেই নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর বিষয়ে ইতিবাচক। আমরা তার নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নিয়েছি যাতে সে ঘরোয়া ক্রিকেট লিগে অংশ নিতে পারে এবং তার মায়ের চিকিৎসা করাতে পারে।’

শাহাদাত সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ২০১৯ সালের নভেম্বরে খেলেছিলেন। আর জাতীয় দলের হয়ে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন।

তিনিই একমাত্র বাংলাদেশি বোলার যিনি লর্ডসে পাঁচ উইকেট নিয়েছেন। শাহাদাত ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টিতে টাইগারদের প্রতিনিধিত্ব করেন। টেস্টে চারবার পাঁচটি করে উইকেট পান তিনি।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language