২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ জন

ঢাকা,১৫ অক্টোবর- সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগের ২৫৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩৮ জন, খুলনা বিভাগের ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগের ১০০ জন, রাজশাহী বিভাগের ১৩০ জন, রংপুর বিভাগের ৭০ জন এবং সিলেট বিভাগের ১১ জন রয়েছেন।
চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক লাখ সাত হাজার ২৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট এক লাখ এক হাজার ৩১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৩০ জন।
এস এম/ ১৫ অক্টোবর ২০২৬







