ক্রিকেট

আফগানিস্তান টেস্টের আগে সুখবর, দলে যোগ দিচ্ছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

ঢাকা, ০৫ অক্টোবর-টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে সুখবর পেয়েছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে টেস্ট দলের ক্রিকেটাররা এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং প্রস্তুতি ম্যাচ খেলছেন। তবে সেখানে নেই শান্ত। অবশ্য শিগগিরই দলে যোগ দিচ্ছেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে টি-টোয়েন্টি দলে ফিরলেও এশিয়ান গেমসে খেলতে পারেননি শান্ত। দলকে জাপানে রেখেই তিনি দেশে ফিরে আসেন। এরপর শান্তকে ছাড়াই টেস্ট দল আরব আমিরাতে উড়াল দেয়। সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের লাল বলের প্রস্তুতি ম্যাচও খেলছে দল।

সংশয় ছিল, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শান্ত খেলতে পারবেন কি না। অবশেষে টেস্ট অধিনায়ককে নিয়ে সুখবর মিলেছে। আফগানদের বিপক্ষে তিনিই দলের নেতৃত্বে থাকছেন। আজই দলের সঙ্গে যোগ দিতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন।’

শান্তর অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের প্রথম দিনের জন্য ঘোষিত স্কোয়াডে মোট ১৩ জন ক্রিকেটার ছিলেন।

দলের ব্যাটিং বিভাগে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন। উইকেটকিপার-ব্যাটার হিসেবেও থাকছেন মুশফিকুর রহিম ও জাকের আলী। বোলিং বিভাগে রয়েছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। আর দলের অধিনায়ক মিরাজও ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এস এম/ ০৫ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language