ঢালিউড

নিউইয়র্কে জমকালো ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’: একই মঞ্চে শাকিব, চঞ্চলসহ একঝাঁক তারকা

ঢাকা, ২৪ সেপ্টেম্বর – মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারও বসতে যাচ্ছে বাংলাদেশি তারকাদের সবচেয়ে বড় মিলনমেলা ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ঐতিহ্যবাহী ‘ইভাঞ্জেল চার্চ সেন্টার’-এ অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন। দেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও ফ্যাশন ইন্ডাস্ট্রির শীর্ষ সারির একঝাঁক তারকা এবার কাঁপাতে যাচ্ছেন নিউইয়র্কের এই আন্তর্জাতিক মঞ্চ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় রয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকন। নেপথ্যে সহযোগিতায় আছেন উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া, মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।

৫ বছর পর ফিরছেন শাকিব খান, থাকছেন চঞ্চল ও অন্যান্য তারকারা

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের মূল আকর্ষণ ঢালিউড কিং শাকিব খান। দীর্ঘ ৫ বছর পর আবারও এই সম্মাননার মঞ্চে দেখা যাবে তাকে। এর আগে ২০২১ সালে ১৯তম আসরে জ্যামাইকায় অংশ নিয়েছিলেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, শাকিব খান এবার কেবল সম্মাননা গ্রহণই করবেন না, বরং উপস্থাপনা, সম্মাননা প্রদান এবং স্পেশাল পারফরম্যান্সেও অংশ নেবেন।

এছাড়াও দেশের প্রভাবশালী অভিনেতা চঞ্চল চৌধুরী ২০১০ সালে ‘মনপুরা’ মুক্তির পর থেকে এই অ্যাওয়ার্ডের সাথে যুক্ত আছেন। দীর্ঘদিনের এই স্মৃতির ধারাবাহিকতায় এবারও তিনি থাকছেন জমকালো এই রাতে।

আর কারা থাকছেন এই তারার মেলায়?

সম্মাননা প্রদানের পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য থাকবে বিশেষ ড্যান্স ও মিউজিক্যাল পারফরম্যান্স। ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন:

সিনোমা ও নাটক: শাকিব খান, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, শিরীন শিলা (কানাডা থেকে যোগ দেবেন), নিরব, অর্চিতা স্পর্শিয়া, প্রার্থনা ফারদিন দীঘি।

সংগীত: জনপ্রিয় সুরকার ও শিল্পী এস আই টুটুল এবং মার্কিন মুলুকের মঞ্চ কাঁপাতে প্রস্তুতি নিচ্ছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন।

প্রথমবার সঞ্চালনায় সোনিয়া!

প্রতিবারের মতো এবারও চমক থাকছে উপস্থাপনায়। প্রথমবারের মতো ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা **শারমিনা সিরাজ সোনিয়া**। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ও ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক অবিস্মরণীয় রাত।

তবে এ বছর কারা কারা বছরের সেরা সম্মাননা হাতে বাড়ি ফিরছেন, তা সরাসরি ১০ অক্টোবরের জমকালো মঞ্চেই উন্মোচন করা হবে। প্রবাসে দেশের সংস্কৃতি উদযাপনের এই মহামিলন ঘিরে এখনই প্রবাসীদের মধ্যে তুঙ্গস্পর্শী উন্মাদনা দেখা যাচ্ছে।

এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language