জাতীয়

ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, ৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা

ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল-জাফর ইকবাল

ঢাকা, ২০ সেপ্টেম্বর- ২০২৪ সালের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই সঙ্গে অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও হামলায় উসকানি দেওয়ার অভিযোগে করা এ মামলায় রবিবার (২০ সেপ্টেম্বর) অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মামলার পলাতক অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এ মামলার আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় পাঁচজনকে হত্যা, ১৫ জনকে হত্যাচেষ্টা এবং শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের কথা বলা হয়েছে।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language