জাতীয়

বুড়িগঙ্গার তীরের বর্জ্য ১৫ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের

ইসলামবাগে বুড়িগঙ্গা নদীর তীরে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য
ঢাকার ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জমে থাকা প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণে ১৫ দিনের সময়সীমা দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা, ২ সেপ্টেম্বর – ঢাকার লালবাগ ও কামরাঙ্গীর চরের ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জমা হওয়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ভিত্তি করে এই রিটটি দায়ের করা হয়েছিল।

রিট আবেদনে উল্লেখ করা হয় যে, ২০১০ সালে হাইকোর্টের একটি রায়ে বুড়িগঙ্গার দূষণ বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে ইসলামবাগ এলাকায় নদীর তীরে যত্রতত্র শত শত টন প্লাস্টিক ও আবর্জনা ফেলা হচ্ছে।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বর্জ্য অপসারণ নিশ্চিত করে আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই নির্দেশনার অনুলিপি নৌপরিবহন ও স্বরাষ্ট্র সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকার জেলা প্রশাসক এবং লালবাগ ও কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৩ জন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। শুনানিতে রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ বলেন, বুড়িগঙ্গার তীরে এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে তা একসময় নদীতে মিশে পানি দূষণকে চরম পর্যায়ে নিয়ে যাবে। এটি আদালতের আগের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন এবং ঢাকার পরিবেশের জন্য বড় হুমকি।

শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

রিটের পক্ষে আরও ছিলেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান। এইচআরপিবির পক্ষ থেকে গত ৩০ আগস্ট মোহাম্মদ সরওয়ার আহাদ চৌধুরী এই আবেদনটি দাখিল করেন।

এনএন/ ২ সেপ্টেম্বর ২০২৬



FAQ

১. বুড়িগঙ্গার কোথাকার বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট?

ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরের ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

২. কত দিনের মধ্যে বর্জ্য সরাতে হবে?

হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে বলেছেন।

৩. বর্জ্য অপসারণের পর কী করতে হবে?

নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

৪. কে আদালতে আবেদন করেছিল?

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষ থেকে আবেদনটি করা হয়।

৫. বুড়িগঙ্গা দূষণ নিয়ে আগে কি আদালতের নির্দেশ ছিল?

হ্যাঁ। বুড়িগঙ্গার দূষণ বন্ধে এইচআরপিবির করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে হাইকোর্ট একাধিক নির্দেশনা দিয়েছিল, যার মধ্যে নদীর তীরে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলা নিষিদ্ধ করার নির্দেশও ছিল।

Back to top button