শিক্ষা

আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য তৃতীয় ভাষা শিক্ষায় জোর দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ৩১ আগস্ট – আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত করতে তৃতীয় ভাষা শিক্ষার কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

মতবিনিময় সভায় প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানীসহ আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় চীনা, জাপানি, কোরিয়ান, আরবি, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষার বর্তমান সক্ষমতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি এই কার্যক্রম আধুনিকায়ন, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং দেশে দক্ষ জনবল তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। গঠিত এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের মানুষের চাহিদা বৃদ্ধির জন্য ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি স্বল্পমেয়াদি ও সার্টিফিকেট কোর্স সম্প্রসারণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬

Back to top button