সংগীত

কিংবদন্তি আশা ভোঁসলের শেষ গান মুক্তি পাচ্ছে তার জন্মদিনে

মুম্বাই, ২৮ আগস্ট – চলচ্চিত্র ও সংগীতজগতের কিংবদন্তি নেপথ্য কণ্ঠশিল্পী আশা ভোঁসলের রেকর্ড করা জীবনের শেষ গানটি শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে আসছে। আগামী ৮ সেপ্টেম্বর এই সুরসম্রাজ্ঞীর জন্মবার্ষিকী উপলক্ষে গানটি মুক্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার চলচ্চিত্র নির্মাতাদের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হয়, বহুল প্রতীক্ষিত ড্রামা কমেডি ঘরানার চলচ্চিত্র ওম কা হরি এর অংশ হিসেবে এই গানটি প্রকাশ করা হচ্ছে। ২০২৩ সালের শেষের দিকে ৯১ বছর বয়সে এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাঁহা শিরোনামের এই আবেগঘন গানটি রেকর্ড করেছিলেন তিনি। সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গান উপহার দেওয়া এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনে এটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুণী নির্মাতা হরিশ ব্যাস পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান এবং আয়েশা কাপুর। ছবির গল্প আবর্তিত হয়েছে বাবা ও ছেলের মধ্যকার জটিল পারিবারিক সম্পর্ক এবং অব্যক্ত আবেগকে কেন্দ্র করে। পরিচালক হরিশ ব্যাস জানান, আশা ভোঁসলের চিরন্তন কণ্ঠ এবং তার বিশাল সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে উদযাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিনেতা অংশুমান ঝা এই গানটি নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আশা ভোঁসলের কণ্ঠ চলচ্চিত্রের গল্পে এক গভীর মাত্রা যোগ করেছে। নিজের বাবাকে ভালোবাসি কথাটি বলার গুরুত্ব এই ছবিতে ফুটে উঠেছে। ব্যক্তিগতভাবে তার কাছে এটি অত্যন্ত বিশেষ একটি কাজ। সাত দশকেরও বেশি সময় ধরে দম মারো দম বা চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো এর মতো অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই কিংবদন্তির শেষ সুরটি শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language