শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

ঢাকা, ২৪ আগস্ট – ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা গ্রহণ করা হবে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সময়সূচি চূড়ান্ত করার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা অনুমোদন দিয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চূড়ান্ত সূচি অনুযায়ী ১৪ মার্চ বাংলা প্রথম পত্র এবং ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এরপর ১৮ মার্চ ইংরেজি প্রথম ও ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৫ মার্চ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল রসায়ন ও পৌরনীতি এবং ৮ এপ্রিল হিসাববিজ্ঞান পরীক্ষা হবে। ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা শেষে ১৫ এপ্রিল ধর্ম শিক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে পাঠাতে হবে।

পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। এছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে এবং রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনা করে জানুয়ারি থেকে পিছিয়ে পরীক্ষাটি মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রম শেষ করে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য বাড়তি সময় দিতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর ফলে শিক্ষা ক্যালেন্ডার পুনরায় আগের নিয়মিত ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ২৪ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language