জাতীয়

বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

ঢাকা, ২০ আগস্ট – দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

সাধারণত আন্তর্জাতিক মান অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় যা মূলত বিপিএম-৬ পদ্ধতি অনুসরণে গণনা করা হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রবাস আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসার ফলে রিজার্ভের অবস্থা সার্বিকভাবে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

এনএন/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language