টিআইবির সাবেক ট্রাস্টি তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

ঢাকা, ১৯ আগস্ট – ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। বুধবার ১৯ আগস্ট এক বিবৃতিতে টিআইবি এই শোক বার্তা প্রদান করে।
বিবৃতিতে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং সংস্থাটির অনুপ্রেরণায় গঠিত দেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর পক্ষ থেকে তৌফিক নেওয়াজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টিআইবি।
গত ১৮ আগস্ট রাতে ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি এবং লিভারের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
আইনজীবী হিসেবে কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন। টিআইবির বিভিন্ন সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডেও তার অবদান অনস্বীকার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬









