ক্রিকেট

দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন অশ্বিন

আহমেদাবাদ, ২৫ ফেব্রুয়ারি – ফের মাইলস্টোনে রবিচন্দ্রন অশ্বিন৷ বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে চারশো উইকেটের গণ্ডি টপকালেন ভারতীয় এই অফ-স্পিনার৷ বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে আউট করে মাইলস্টোনে পৌঁছন অশ্বিন৷

মাত্র ৭৭টি টেস্টে ৪০০ উইকেট নিলেন ভারতীয় অফ-স্পিনার৷ তাঁর থেকে কম টেস্ট খেলে ৪০০ উইকেটের মাইলস্টোন টপকে ছিলেন মুথাইয়া মুরলীধরন৷ কিংবদন্তি এই শ্রীলঙ্কান অফ-স্পিনার মাত্র ৭২টি টেস্টে এই মাইলস্টোন পেরিয়েছিলেন৷ তবে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে চারশো উইকেট নেওয়ার কৃতিত্ব অশ্বিনের দখলে৷ একই সঙ্গে ভারতীয় চতুর্থ বোলার হিসেবে চারশো উইকেটের ল্যান্ডমার্ক ক্রস করেন অশ্বিন৷

আরও পড়ুন : সাইফের নেতৃত্বে চার দিনের ম্যাচে নামছে ইমার্জিং টাইগাররা

তামিল এই অফ-স্পিনারের আগে টেস্ট ক্রিকেটে আরও তিন ভারতীয় চারশো উইকেটের মাইলস্টোন টপকছেন৷ এঁরা হলেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)৷ তবে এঁরা সবাই অশ্বিনের থেকে বেশি টেস্ট খেলে এই মাইলস্টোনে পৌঁছেছিলেন৷ একই সঙ্গে অশ্বিন পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক টপকে যান৷ তাঁর আগে এই মালইস্টোন টপকেছেন কুম্বলে (৯৫৬), হরভজন (৭১১), কপিল (৬৮৭), জাহির খান (৬১০)৷

অশ্বিনের টেস্ট অভিষেক হয়েছিল ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লিতে৷ প্রথম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি সিরিজের সেরা পুরস্কার জিতেছিলেন ভারতীয় এই অফ-স্পিনার৷ শুধু চারশো উইকেটই নয়, টেস্ট ক্রিকেটে দ্রুততম ২৫০, ৩০০, ৩৫০ উইকেট নেওয়ার নজির রয়েছে অশ্বিনের৷

পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন অশ্বিন৷ তাঁর ও অক্ষরের স্পিনের সাঁড়াশি আক্রমণে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১১২ এবং দ্বিতীয় ইনিংসে ৮১ রানে শেষ হয়ে যায়৷ অশ্বিন ও অক্ষরের স্পিনের জাদুতে পিঙ্ক বল টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত৷ জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৪৮ রান৷ এই টেস্ট জিতে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এক পা এগিয়ে যাবে কোহলি অ্যান্ড কোং৷

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language