জাতীয়

মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিদর্শন করবেন মেগা প্রকল্পসমূহ

কক্সবাজার , ৯ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন তিনি।

মহেশখালীতে অবস্থানকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। মাতারবাড়ির কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেওয়ার পর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। এই অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।

সবশেষে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এনএন/ ৯ আগস্ট ২০২৬


Back to top button