জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৫তম অবস্থানে ঢাকা

ঢাকা, ৯ আগস্ট – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে কাম্পালার স্কোর ১৮৫। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৫তম অবস্থানে রয়েছে। আজ ঢাকার বায়ুমান সূচকে স্কোর রেকর্ড করা হয়েছে ৯৫ যা মাঝারি বা সহনীয় পর্যায় হিসেবে বিবেচিত হয়।

রোববার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ এয়ার থেকে এই তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর যার স্কোর ১৬১। একই স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৫৬ স্কোর নিয়ে অবস্থান করছে বাহরাইনের রাজধানী মানামা। এছাড়া ১৪৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।

আইকিউ এয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। বায়ুর মান সূচক ৩০১ এর বেশি হলে তাকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।

এনএন/ ৯ আগস্ট ২০২৬


Back to top button