ক্রিকেট

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে দর্শকদের জন্য ফ্রি টিকিটের ঘোষণা

কলম্বো, ৮ আগস্ট – লঙ্কা প্রিমিয়ার লিগে গ্যালারিতে দর্শকদের কাঙ্ক্ষিত উপস্থিতি না থাকায় আসন্ন ভারত সিরিজের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি দর্শকরা বিনামূল্যে মাঠে বসে উপভোগ করার সুযোগ পাবেন।

শ্রীলঙ্কা ক্রিকেট এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, ক্রিকেটপ্রেমীদের বিশ্বমানের টেস্ট ক্রিকেট দেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ আগস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতেই দর্শকদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে।

বিবৃতিতে আরও জানানো হয় যে, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৪ নম্বর গেট দিয়ে কোনো টিকিট ছাড়াই প্রবেশ করা যাবে। কলম্বো টেস্টের জন্য ৩, ৪, ৫ ও ৭ নম্বর গেট দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হবে। মূলত এলপিএলের সময় দর্শকদের অনাগ্রহের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান বোর্ড।

সাধারণত নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তানের মতো দলগুলোর বিপক্ষে টেস্ট সিরিজে টিকিট ফ্রি রাখা শ্রীলঙ্কার জন্য নতুন কিছু নয়।

তবে ভারতের মতো হাই প্রোফাইল সিরিজের ক্ষেত্রেও এবার একই পথে হাঁটছে আয়োজকরা। দেশের সকল ক্রিকেট অনুরাগী এবং উদীয়মান তরুণ ক্রিকেটারদের এই সুযোগ গ্রহণ করে গ্যালারিতে বসে খেলা দেখার আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button