ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়: অখ্যাত অজি দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ঢাকা, ৮ আগস্ট – অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে স্বাগতিকদের নেওয়া ৯২ রানের লিড তাড়া করতে নেমে টাইগার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ করেন।

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করেছিল। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান তুলে প্রথম ইনিংস শেষ করে। ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা বাংলাদেশ মাত্র ২২ ওভার ক্রিজে টিকে থাকতে সমর্থ হয়। মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে যায় পুরো দল।

স্বাগতিকদের হয়ে একাই ধ্বংসযজ্ঞ চালান ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। তিনি ১১ ওভার বল করে মাত্র ২৫ রানের বিনিময়ে বাংলাদেশের ৮ জন ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান।

দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম। বাকি ব্যাটারদের মধ্যে সাদমান ইসলাম ৬, মুমিনুল হক ৬ এবং সৌম্য সরকার ৫ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর শিকার হন। অভিজ্ঞ মুশফিকুর রহিম আউট হন ব্যক্তিগত মাত্র ২ রানে। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দ্রুত ফিরে গেলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়।

অজিদের হয়ে বাকি দুটি উইকেট শিকার করেন কোরি রকিচোলি। এই হার মূল টেস্ট সিরিজের আগে টাইগার শিবিরে বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এনএন/ ৮ আগস্ট ২০২৬


Back to top button