নিরাপত্তার নিশ্চয়তা পেলে আইনি লড়াই ও দেশে ফিরতে প্রস্তুত সাকিব আল হাসান

ঢাকা, ৮ আগস্ট – ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশের বাইরে রয়েছেন। বিদায়ী টেস্ট খেলতে অক্টোবরে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার কারণে তিনি শেষ পর্যন্ত ফিরতে পারেননি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা ও তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
সাকিব বলেন, বর্তমান সরকার যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে তবে তিনি বাংলাদেশে ফিরে আদালতের বিচারসহ আইনি সব প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন।
ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরপর থেকে জাতীয় দলের হয়ে বিদেশের মাটিতে কিছু ম্যাচ খেললেও নিজ দেশে তার ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।
৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার এখনও জাতীয় দল থেকে অবসর নেননি। তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দেশের জার্সি গায়ে খেলার পাশাপাশি মিরপুরের মাটিতেই নিজের বিদায়ী সিরিজ খেলার স্বপ্ন দেখছেন।
সাক্ষাৎকারে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন সাকিব। তিনি জানান যদি এখনই এককভাবে দেশে ফেরা সম্ভব না হয় তবে শেখ হাসিনা দেশে ফিরলে তিনিও তার সঙ্গে ফেরার চেষ্টা করবেন। তিনি আরও উল্লেখ করেন যে তারা দলীয় প্রধানের নির্দেশনা অনুসরণ করেন এবং নেত্রী যা ভালো মনে করবেন তারা সেই পথেই চলবেন।
সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানান সাকিব। তিনি দাবি করেন সেখানে তিনি শুধুমাত্র বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির কথা বলেছিলেন।
এনএন/ ৮ আগস্ট ২০২৬









