গোলাবারুদ সংকটের খবর নাকচ করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৬ আগস্ট – ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে বিপুল পরিমাণ গোলাবারুদ গচ্ছিত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুততম সময়ে নতুন অস্ত্র উৎপাদন ও সরবরাহের প্রক্রিয়া অব্যাহত আছে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ধরনের গোলাবারুদের এক বিশাল মজুত রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন যে প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে দেশটিতে বর্তমানে সবচেয়ে বড় পরিসরে নতুন কারখানা ও উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ চলছে।
গোলাবারুদের ঘাটতি সংক্রান্ত তথ্য যারা প্রকাশ করছেন তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ধরনের তথ্য ফাঁসের ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে তিনি বলেন যে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করা হবে।
এর আগে সিবিএস নিউজ তাদের এক প্রতিবেদনে দাবি করেছিল যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। ওই প্রতিবেদনে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুত ফুরিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়।
রয়টার্সও তাদের এক সংবাদে অপারেশন এপিক ফিউরি চলাকালে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিল। সিবিএসের প্রতিবেদনে আরও জানানো হয়েছিল যে মার্কিন প্রশাসনের অভ্যন্তরে এই অস্ত্র সংকট নিয়ে গভীর উদ্বেগ কাজ করছে। যুদ্ধের শুরুতে যেভাবে নিখুঁত নিশানার গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল বর্তমানে সেই গতি বজায় রাখা সম্ভব নয় বলে দাবি করা হয়।
কর্মকর্তাদের মতে প্যাট্রিয়ট এবং থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলো যে হারে ব্যবহৃত হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সেই গতিতে তা সরবরাহ করতে পারছে না। তবে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে এই উদ্বেগকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে অভিযান চালানোর সক্ষমতা রয়েছে।
এস এম/ ৬ আগস্ট ২০২৬









