৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

ঢাকা, ৬ আগস্ট – সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয় যে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আলাদা পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয় যে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এনএন/ ৬ আগস্ট ২০২৬









