৫ আগস্ট ঘিরে সারাদেশে র্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা, ৪ আগস্ট – আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। দিবসটিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন অথবা রাষ্ট্রবিরোধী মহল যেন কোনো প্রকার নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
মঙ্গলবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। র্যাব জানিয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানস্থল এবং পদযাত্রার নির্ধারিত রুটগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নজরদারি শুরু হবে।
ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া গুজব ও অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক সাইবার মনিটরিং চালানো হচ্ছে।
এস এম/ ৪ আগস্ট ২০২৬









