কানাডাজুড়ে ভয়াবহ দাবানল: ৯০০ স্থানে জ্বলছে আগুন, পুড়েছে বিশাল বনভূমি

অটোয়া, ৪ আগস্ট – কানাডাজুড়ে দাবানল পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে প্রায় ৯০০টি স্থানে দাবানল সক্রিয় রয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৭ লাখ হেক্টরের বেশি বনভূমি এই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিওসহ দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকা। সেখানে বনের আগুন লোকালয়ের কাছাকাছি চলে আসায় আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। কানাডা সরকার জানিয়েছে, ফেডারেল কর্তৃপক্ষ প্রদেশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করছে।
আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদানের জন্য উদ্ধারকারী দলগুলো নিরলসভাবে কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে এবারের দাবানল ভয়াবহ রূপ নিয়েছে।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ঘনঘন এ ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় একটি জাতীয় দাবানল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গঠনের দাবি জোরালো হচ্ছে। দাবানলের ভয়াবহ ধোঁয়ায় আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া ও টরন্টোসহ কানাডার বিস্তীর্ণ এলাকা এবং পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও বায়ুদূষণ মারাত্মকভাবে বেড়েছে।
আগুনের বিস্তার ঠেকাতে এবং ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ফেডারেল সরকার প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।
এস এম/ ৪ আগস্ট ২০২৬









