ক্রিকেট

ইংল্যান্ড সিরিজের আগে পাকিস্তানের ব্যাটিং কোচ হচ্ছেন মাইক স্মিথ

ইসলামাবাদ, ৩ আগস্ট – ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য মাইক স্মিথকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লেভেল-৪ যোগ্যতাসম্পন্ন এই অভিজ্ঞ কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার।

এর আগে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের সাথে কাজ করার সুবাদে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিবেশ সম্পর্কে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে ইংল্যান্ড সিরিজের শুরু থেকেই স্মিথকে দলের সাথে দেখা যেতে পারে।

বর্তমানে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ব্যাটার আসাদ শফিক। প্রধান কোচ সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোচিং প্যানেলের অংশ হিসেবে গত এপ্রিল মাস থেকে তিনি কাজ করছিলেন। পিসিবি মে মাসে স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আবেদনের শেষ সময় ছিল ৭ জুন।

এরপর থেকেই যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছিল বোর্ড। আগামী ১৯ আগস্ট লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২৭ আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে মাইক স্মিথকে নিয়োগ দিয়ে দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে চায় বোর্ড। পিসিবি আশা করছে তার অন্তর্ভুক্তি টেস্ট ক্রিকেটের দীর্ঘ সংস্করণে দলের পারফরম্যান্স উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language