দক্ষিণ এশিয়া

কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিতে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ৭

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট – ভারতের কেরালা রাজ্যে অতিবৃষ্টি ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। কোট্টায়াম জেলায় তিনজনের মৃত্যু হয়েছে যার মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুজন এবং পানির ট্যাঙ্কে পড়ে এক শিশুর মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া এর্নাকুলামে দুজন, কোল্লামে দুজন এবং মালাপ্পুরমে চারজন প্রাণ হারিয়েছেন।

ইডুক্কি, মুভাত্তুপুঝা, কান্নুর ও কোঝিকোড়েও প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান যে বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব শিবিরে বর্তমানে ১১ হাজার ১৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধারকারী দলগুলো কাজ করে যাচ্ছে।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language