মধ্যপ্রাচ্য

ইরানে হামলা হলে পুরো অঞ্চলকে প্রস্তর যুগে পাঠানোর হুঁশিয়ারি তেহরানের

তেহরান, ২ আগস্ট – সম্ভাব্য মার্কিন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে আবারও কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে ইরান। দেশটির একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে তার পাল্টা জবাব শুধু হামলার উৎসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

বরং এমন হামলার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত বা বোকামি না করার পরামর্শ দিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের চাপ ও নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।

ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন। তিনি জানান, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না।

ইরান সব সামরিক ঘাঁটি ও হামলার উৎসস্থলকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। এর আগে দেশটির শীর্ষ নেতৃত্বও সতর্ক করেছিলেন যে, ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত এলে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।

রেজায়ি দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন ধারণা দিয়েছেন যে, হামলার মাধ্যমে ইরানকে দ্রুত আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব। তবে ইরান এই ধারণাকে নাকচ করে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর জানিয়েছেন, নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে। প্রয়োজনে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথও বন্ধ করে দেওয়া হতে পারে।

জোলঘাদর আরও উল্লেখ করেন, এই পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদের চড়া মূল্য দিতে হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর আগে ইয়েমেনের হুথি গোষ্ঠীও লোহিত সাগরে অবরোধের ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক নৌ চলাচলে নতুন সংকট তৈরি হয়েছে।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language