ক্রিকেট

মাত্র ৮৫ রান করেও বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্স

জর্জটাউন, ২ আগস্ট – ক্রিকেট ইতিহাসে ৮৫ রানে অলআউট হওয়া মানেই সাধারণত পরাজয় নিশ্চিত। তবে এই প্রচলিত ধারণাটি পুরোপুরি বদলে দিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। গ্লোবাল সুপার লিগের ফাইনালে শুরুতে ব্যাট করে মাত্র ৮৫ রানে গুটিয়ে যাওয়ার পরও দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে অলআউট করে শিরোপা নিজেদের করে নিয়েছে দলটি।

সেই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছে তারা। ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। ইনিংসের নবম ওভার শেষ হওয়ার আগেই মাত্র ২৯ রানে ৮ উইকেট হারিয়ে বসে তারা।

দলের অভিজ্ঞ ও শীর্ষ সারির ব্যাটার জনসন চার্লস, শিমরন হেটমায়ার, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী ও মোহাম্মদ হারিস কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রতিপক্ষ সান ফ্রান্সিসকোর হয়ে দুর্দান্ত বোলিং করেন অস্ট্রেলীয় পেসার পিটার সিডল।

তিনি তার নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে গায়ানার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। বিপর্যস্ত অবস্থা থেকে ইনিংসের শেষদিকে লড়াই করেন নিচের সারির ব্যাটাররা। ডোয়েন প্রিটোরিয়াস করেন ১৭ রান এবং ম্যাথিউ ফোর্ড খেলেন ২৮ রানের মহামূল্যবান এক ইনিংস।

এছাড়া শেষ দিকে ইমরান তাহির ১১ রান যোগ করলে গায়ানার সংগ্রহ কোনোমতে ৮৫ রানে পৌঁছায়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকোর শুরুটা বেশ ভালো ছিল। তরুণ অস্ট্রেলীয় ব্যাটার অলিভার পিকের ৩১ রানে দলটি জয়ের পথেই এগোচ্ছিল। একপর্যায়ে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলেছিল তারা।

তবে এখান থেকেই ম্যাচের মোড় নাটকীয়ভাবে ঘুরে যায়। ৫৩ রান থেকে মাত্র ৫৮ রানের মধ্যে দ্রুত ৫টি উইকেট হারিয়ে ধসে পড়ে সান ফ্রান্সিসকোর ব্যাটিং লাইনআপ। গায়ানার হয়ে অফ স্পিনার মোহাম্মদ নবী নেন তিনটি উইকেট এবং অভিজ্ঞ ইমরান তাহির শিকার করেন দুইটি উইকেট।

শেষদিকে পিটার সিডল ১৩ রানে অপরাজিত থাকলেও সঙ্গীর অভাবে ৭৯ রানেই থামে সান ফ্রান্সিসকোর ইনিংস। ফলে মাত্র ৬ রানের এক অবিশ্বাস্য জয় নিশ্চিত করে গায়ানা। এই জয়ের ফলে টি টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস লিখেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হয়ে জয় পাওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে এই রেকর্ডটি ছিল সিডনি সিক্সার্সের দখলে। ২০২০ সালে তারা বিগ ব্যাশের ফাইনালে ১১৬ রান করেও শিরোপা জিতেছিল। সেই রেকর্ড ভেঙে দিয়ে এবার অসম্ভবকে সম্ভব করল গায়ানা।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language