মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সরবরাহ সংকটে বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক উল্লম্ফন

বাগদাদ, ৩০ জুলাই – মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা এবং বিশ্ববাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বেড়েছে। বুধবার লেনদেনের শেষভাগে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছয় ডলার বেড়ে ৯০ ডলার ৭৪ সেন্টে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম সাড়ে ছয় শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ৮৪ ডলার ৪৬ সেন্টে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় বিশ্ববাজারে এই উর্ধ্বগতি দেখা দিয়েছে।

আন্তর্জাতিক বাজারে একদিনেই তেলের দাম প্রায় সাত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার প্রতিক্রিয়ায় বুধবার ইরাকে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর আগে মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলা প্রতিহতের দাবি করে ওয়াশিংটন।

অন্যদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে ইরান। এর পাশাপাশি মিশরের ভূমধ্যসাগরীয় গ্যাস লোডিং পোর্টে বিস্ফোরণ এবং লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বাজার বিশ্লেষকদের মতে চলমান ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরণের ঝুঁকি তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর বাজারে অস্থিরতা আরও বাড়ে।

একই সাথে ওয়াশিংটন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হওয়ায় সরবরাহ সংকট তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দেশটির অপরিশোধিত তেলের মজুত ৭২ লাখ ব্যারেল কমে ৪০ কোটি ৪৫ লাখ ব্যারেলে নেমে এসেছে।

এটি ২০১৮ সালের পর সর্বনিম্ন মজুত। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তৎপরতা এবং ওপেক প্লাস কর্তৃক উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখার ইঙ্গিত তেলের দর বৃদ্ধিতে প্রভাব ফেলছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকলে নিকট ভবিষ্যতে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করবে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button