মধ্যপ্রাচ্য

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেই নিউ ইয়র্ক যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

তেল আবিব, ২৭ জুলাই – আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং নিউ ইয়র্কের জোহরান মামদানির কড়া হুঁশিয়ারি সত্ত্বেও তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন যে সেপ্টেম্বরের এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তার কোনো বাধা বা উদ্বেগ নেই। নিরাপত্তা সংক্রান্ত বড় কোনো সমস্যা না থাকলে তিনি প্রায় প্রতি বছরই এই অধিবেশনে যোগ দিয়ে থাকেন এবং এবারও তার যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে জোহরান মামদানি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে নিউ ইয়র্ক শহরে স্বাগত জানানো হবে না বলে সাফ জানিয়ে দেন। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা কার্যকর করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করেছেন যে যুক্তরাষ্ট্রে সফরকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেফতার করা হবে না এবং তাকে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। উল্লেখ্য যে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language