এশিয়া

আসিয়ানের পরমাণু নিরস্ত্রীকরণ আহ্বানের তীব্র সমালোচনা করল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ২৭ জুলাই – কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পক্ষ থেকে জানানো আহ্বানের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং এই অবস্থানকে বোকামিপূর্ণ এবং অবাস্তব স্বপ্ন বলে অভিহিত করেছেন।

গত সপ্তাহে অনুষ্ঠিত আসিয়ানের বার্ষিক আঞ্চলিক ফোরামে উত্তর কোরিয়ার চলমান পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ওই সম্মেলনে জোটের পক্ষ থেকে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

এর প্রেক্ষিতে পিয়ংইয়ং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করল। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে তাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বৈধ বলে দাবি করে আসছে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী দেশটির এসব কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

উল্লেখ্য যে ২০২৩ সালে উত্তর কোরিয়া তাদের সংবিধানে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা অন্তর্ভুক্ত করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং জানান যে যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণার সঙ্গে তাল মিলিয়ে আসিয়ান যে বৈরী অবস্থান নিয়েছে তাতে তিনি অসন্তুষ্ট।

তার মতে উত্তর কোরিয়ার সংবিধানকে উপেক্ষা করে পরমাণু নিরস্ত্রীকরণের দাবি জানানো কৌশলগত চিন্তার ব্যর্থতা এবং এটি বর্তমান বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। কিম ইয়ো জং আরও সতর্ক করে দিয়ে বলেন যে আসিয়ানের উচিত যুক্তরাষ্ট্রের ভাড়াটে মুখপাত্র হিসেবে ব্যবহৃত হওয়া থেকে বিরত থাকা।

এর আগেও চলতি বছরের জুন মাসে এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেছিলেন যে উত্তর কোরিয়া কোনো অবস্থাতেই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে আসবে না।

মূলত ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া নিজেদের অপরিবর্তনীয় পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করে আসছে।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button