আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থান: আসাদুজ্জামান নূর ও শাওনসহ ২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকা, ২৬ জুলাই – ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার প্ররোচনার অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামক একটি সামাজিক ও নাগরিক সংগঠন রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এই লিখিত অভিযোগটি হস্তান্তর করে।

সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস এই অভিযোগ দাখিল করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা এবং জুলাই আন্দোলনে আহত আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান এবং সাজু খাদেমের মতো জনপ্রিয় অভিনেতারা।

এছাড়া অভিনেত্রীদের মধ্যে মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা ও সুজাতা আজিম রয়েছেন।

তালিকায় আরও নাম রয়েছে হিরো আলম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা ও শান্তা ফারজানার।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন আনিস আলমগীর, মোমিন মেহেদী ও সোমা ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এসব ব্যক্তি সরাসরি প্ররোচনা, সহযোগিতা অথবা উসকানি দিয়ে সংশ্লিষ্ট অপরাধে সম্পৃক্ত ছিলেন। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসডিএফ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, অভিযুক্তদের অনেকেই জুলাই বিপ্লবকে নানাভাবে কটাক্ষ করেছেন। ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা ভিন্ন পরিচয়ে ফিরে আসার চেষ্টা করছেন। আইনের মাধ্যমে এই অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button