ইউরোপ

জাতীয় স্বার্থে ট্রাম্পের বিরোধিতা করতে দ্বিধা নেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন, ২৬ জুলাই – যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও প্রকাশ্যে অবস্থান নিতে দ্বিধা করবেন না বলে ঘোষণা দিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিবিসিকে দেওয়া প্রথম বড় সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

বার্নহ্যাম বলেন ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠক ইতিবাচক ছিল এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে বেশ আন্তরিক মনে করেন। তবে ট্রাম্পকে তিনি বিশ্বাস করেন কি না এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী বিষয়গুলো মূল্যায়ন করতে হবে।

তিনি উল্লেখ করেন যে যুক্তরাজ্যের জন্য ভিন্ন অবস্থান নেওয়া প্রয়োজন হলে অবশ্যই তিনি তা প্রকাশ করবেন। ট্রাম্পকে প্রয়োজন হলে প্রকাশ্যে সমালোচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন অবশ্যই সেটি করবেন কারণ একজন প্রধানমন্ত্রী হিসেবে দেশের স্বার্থ রক্ষা করাই তার প্রথম কাজ।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে তার কিছুটা উদ্বেগ ছিল বলেও তিনি জানান। প্রতিরক্ষা ব্যয় প্রসঙ্গে বার্নহ্যাম বলেন জিডিপির ৩ শতাংশ অর্থ এই খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্জনে তারা কাজ করছেন। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হননি।

তিনি জানান বছরের শেষ দিকে বাজেট ঘোষণার আগে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ২০২৯ সালের আগে আগাম জাতীয় নির্বাচনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের পরিস্থিতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language