জাতীয়

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ঢাকা, ২২ জুলাই – সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সাংগঠনিক তদন্ত পরিচালিত হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে দল থেকে বহিষ্কৃত হলেই গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যদি দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তবে তার আসন শূন্য হয়। বহিষ্কারের ক্ষেত্রে আসন শূন্য হওয়ার বিষয়টি সাধারণত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

সংবিধানের ৬৬ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, এ ধরনের কোনো বিতর্ক তৈরি হলে নির্বাচন কমিশন শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। সংসদীয় কার্যপ্রণালী বিধিতেও স্পিকারের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানোর বিধান রয়েছে।

এনএন/ ২২ জুলাই ২০২৬


Back to top button