জাতীয়

জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুত পর্যাপ্ত বলে জানাল মন্ত্রণালয়

ঢাকা, ২২ জুলাই – দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে ছড়ানো খবরকে গুজব বলে অভিহিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি তেলের মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন আজকের দিনে ডিজেলের মজুত আছে ৩১ দিনের এবং অকটেনের মজুত রয়েছে ৩৬ দিনের।

এছাড়া পেট্রোল ২০ দিন ফার্নেস অয়েল ২৫ দিন এবং জেট ফুয়েল ২০ দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। সরকারি তথ্য অনুযায়ী সাপ্লাই চেইনে পর্যাপ্ত সরবরাহ থাকায় আগামী জুলাই ও আগস্ট মাস পর্যন্ত জ্বালানি নিয়ে কোনো সমস্যা হবে না।

সরকার এই মজুত ব্যবস্থাকে পর্যায়ক্রমে ৬০ দিন এবং পরবর্তীতে ৯০ দিনে উন্নীত করার লক্ষে কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছাবে এবং আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার টন ডিজেল আসবে।

যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন কোথাও কোনো সংকট তৈরি করার চেষ্টা থেকে এই গুজব ছড়ানো হয়েছে। বিভ্রান্তি এড়াতে দেশের জনগণকে সঠিক তথ্য জানার আহ্বান জানান তিনি।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button