জাতীয়

ব্যাংককে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক সম্মেলনে যোগ দিলেন আইজিপি

ঢাকা, ২২ জুলাই – থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি সফলভাবে সমাপ্ত হয়েছে। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আইজিপি বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই এবং রয়্যাল থাই পুলিশের যৌথ আয়োজনে গত ২০ ও ২১ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০টি দেশের পুলিশ প্রধানসহ মোট ১০৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্মেলনে মূলত আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলা এবং অনলাইন স্ক্যাম সেন্টারের কার্যক্রম বন্ধে সমন্বিত উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পুলিশ প্রধান হিসেবে আইজিপি সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button