উত্তর আমেরিকা

মাসিক ভাড়ায় আইফোন ও ম্যাকবুক ব্যবহারের সুবিধা চালু করছে অ্যাপল

ওয়াশিংটন, ২২ জুলাই – আইফোন বা ম্যাকবুক কেনার জন্য এখন আর বড় অঙ্কের টাকা এককালীন খরচ করার প্রয়োজন হবে না। গ্রাহকদের সুবিধার জন্য অ্যাপল আপগ্রেড নামে একটি নতুন ডিভাইস লিজিং বা ভাড়ায় ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ জুলাই যুক্তরাষ্ট্র থেকে এই সেবাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে। গাড়ি লিজিংয়ের আদলে তৈরি এই সেবার মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের অর্থের বিনিময়ে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহার করতে পারবেন।

এই চুক্তির আওতায় আইফোন ও অ্যাপল ওয়াচের মেয়াদ হবে ২৪ মাস এবং ম্যাকবুক ও আইপ্যাডের জন্য মেয়াদ হবে ৩৬ মাস। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহকদের সামনে তিনটি বিশেষ বিকল্প থাকবে। তারা চাইলে অবশিষ্ট টাকা পরিশোধ করে ডিভাইসটি স্থায়ীভাবে কিনে নিতে পারবেন অথবা নতুন কোনো মডেলে আপগ্রেড করার সুযোগ পাবেন।

এ ছাড়া চাইলে স্রেফ ডিভাইসটি ফেরত দিয়ে চুক্তির সমাপ্তি ঘটাতে পারবেন। এই নতুন উদ্যোগের আর্থিক দিকটি সামলানোর দায়িত্ব পেয়েছে ফিনটেক প্রতিষ্ঠান ক্লারনা। অ্যাপল জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর আগের আইফোন পেমেন্ট বা ফাইন্যান্সিং সুবিধাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।

তবে নতুন এই আপগ্রেড সেবায় অ্যাপলকেয়ারের সুরক্ষা সুবিধা অন্তর্ভুক্ত থাকছে না। এ ছাড়া আইফোন ১৬ বা অ্যাপল ওয়াচ এসই এর মতো এন্ট্রি লেভেলের ডিভাইসগুলো এই সুবিধার আওতায় আসবে না।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদার ফলে মেমোরি ও স্টোরেজ চিপের দাম বেড়ে যাওয়ায় অ্যাপলের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। হার্ডওয়্যারের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং গ্রাহকদের নিয়মিত আপগ্রেডে উৎসাহিত করতেই এই নতুন পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button