অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য: ইমরান খানের বোনকে তলব

ইসলামাবাদ, ২১ জুলাই – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ভারতের পরিচালিত অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীর দেওয়া তথ্যকে বানোয়াট দাবি করে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন।
তার মতে ভারতের এই সামরিক অভিযানে পাকিস্তান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলেও সেনাবাহিনী জনগণের কাছে নিজেদের জয়ী হিসেবে তুলে ধরতে বানোয়াট গল্প প্রচার করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে যে নরিন নিয়াজি দাবি করেছেন চার দিনব্যাপী চলা ভারত পাকিস্তান সংঘাতের প্রকৃত চিত্র সেনাপ্রধানের বক্তব্যের চেয়ে ভিন্ন ছিল।
তার ভাষ্য অনুযায়ী অপারেশন সিঁদুর ছিল ভারতের একটি সফল সামরিক অভিযান। পাকিস্তান সেনাবাহিনী মূলত তাদের ব্যর্থতা ও ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করেছে। এই বক্তব্য প্রকাশের পরপরই পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি এনসিসিআইএ তাকে তলব করেছে।
সংস্থাটি জানায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা এবং আপত্তিকর তথ্য প্রচার করে নরিন নিয়াজি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। উল্লেখ্য যে ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়।
ভারত এই হামলার জন্য লস্কর ই তৈয়বার ছায়া সংগঠন টিআরএফকে দায়ী করে। এর জবাবে ৭ মে ভারত অপারেশন সিঁদুর শুরু করে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে।
পরবর্তী কয়েক দিনের সামরিক সংঘাতের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এদিকে ইমরান খান বর্তমানে দুর্নীতির মামলায় কারাবন্দি রয়েছেন। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এস এম/ ২১ জুলাই ২০২৬









