জাতীয়

দূষিত শহরের তালিকায় ঢাকা সপ্তম, শীর্ষে উগান্ডার কাম্পালা

ঢাকা, ২১ জুলাই – জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সর্বশেষ সূচকে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা শহরের বায়ুমান সূচক বা একিউআই রেকর্ড করা হয়েছে ১২৮, যা বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

সূচকে ২৬৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭১।

এছাড়া ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে বাহরাইনের রাজধানী মানামা এবং ১৫১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান স্কোর ১৩৪। ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাস ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুর মান খুব অস্বাস্থ্যকর হলে শিশু, বয়স্ক এবং শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে যাওয়া সীমিত রাখা জরুরি। বায়ুমান সূচক ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয়।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button