মধ্যপ্রাচ্য

ইরাকে ইরানি ড্রোনের বিস্ফোরণে মার্কিন সেনা নিহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বাগদাদ, ২০ জুলাই – ইরাকের উত্তরাঞ্চলে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিষ্ক্রিয় করতে গিয়ে এক মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, গত শনিবার এই ঘটনা ঘটে।

এই অভিযানে আরও এক সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার পর সেখানে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে যার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা চলছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

প্রায় এক মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত সপ্তাহ থেকে উভয় পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হয়। এমন পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, সোমবার ইরানের স্থানীয় সময় রাত আড়াইটা থেকে এই দফার আক্রমণ শুরু হয়।

মূলত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং জর্ডানে হামলার জন্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সদস্যদের শাস্তি দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী, চলমান এই সংঘাতের ঘটনায় এ পর্যন্ত ১৭ জন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। অপরদিকে গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে।

এস এম/ ২০ জুলাই ২০২৬


Back to top button